বিজ্ঞান জাদুঘরে পদ্মা সেতুর মডেল
বিজ্ঞান জাদুঘরে রাখা হলো পদ্মা সেতুর একটি থ্রি-ডি (3D) মডেল। আজ মঙ্গলবার দুপুরে সেতু ভবনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর কাছে সেতুর মডেলটি হস্তান্তর করেন সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন।
এর আগে গত ২৬জুন পদ্মা সেতু জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। সে থেকে জনসাধারণের মধ্যে সেতুটি সম্পর্কে আগ্রহ ও কৌতূহল বাড়ছে।
এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “বিজ্ঞান জাদুঘরে পদ্মা সেতুর এ মডেল জনসাধারণের জানার পরিধি এবং শিক্ষার্থীদের জ্ঞানের পরিধিকে বড় করবে। সেতু নির্মাণের কলাকৌশল ও প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহী করে তুললে ভবিষ্যতে বাংলাদেশের প্রকৌশলীরাই নিজ মেধা ও যোগ্যতা বলে সেতু নির্মাণ করবে।”







